গৌরনদীতে সংঘর্ষে ১৫ জন আহত, ১৯ দলের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের ১৯ ফেব্রুয়ারির প্রথম দফা নির্বাচনে বরিশালের গৌরনদীতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলের পক্ষের প্রার্থী চূড়ান্ত করার সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে ওই সংঘর্ষের ফলে সিদ্ধান্ত ছাড়াই সভা পণ্ড হয়ে যায়।

দলীয় নেতা-কর্মী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, গৌরনদীতে ১৯ দলের পক্ষে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাকসুদা হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন ও সাবেক সভাপতি নুর আলম হাওলাদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপির স্থানীয় নেতা আনোয়ার সাদাত ও হান্নান শরীফ এবং যুবদলের শ্যামল খলিফা মনোনয়নপত্র জমা দেন।

দলের একাধিক নেতা-কর্মী জানান, ১৯ দলের একক প্রার্থী বাছাই করতে গত তিন দিনে একাধিক সভার আয়োজন করা হয়। কিন্তু এসব সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে মনোনয়ন চূড়ান্ত করতে সাংগঠনিক সভার আয়োজন করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুস সোবাহান। সভায় আবুল হোসেন মিয়াকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি কার্যবিবরণী জমা দেয়। এ সময় নুর আলমের সমর্থক বেল্লাল হোসেন এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। এ নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জসিম শরীফের সঙ্গে পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বেল্লালের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপি কার্যালয়ের আসবাব ভাঙচুর এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেল্লাল হোসেন অভিযোগ করেন, জসিম ও তাঁর সমর্থকেরা আকস্মিকভাবে তাঁদের ওপর হামলা করেছেন।

জসিম শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার কথা ঠিক নয়, বেল্লাল আগে পরিকল্পিতভাবে তাঁর ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন।

আবদুস সোবাহান বলেন, মনোনয়ন চূড়ান্ত করাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেনি। চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের নেতাদের মধ্যে হাতাহাতি হয়েছে। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, অসাংগঠনিক ও অগণতান্ত্রিকভাবে আবদুস সোবাহান প্রার্থী চূড়ান্ত করতে গেলে এ ঘটনা ঘটে।