গৌরনদীতে সংযোগ নেই ৩০ দপ্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় ৩১টি সরকারি দপ্তরে ইন্টারনেটের সংযোগ দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র একটি দপ্তরে সংযোগ দেয়। বাকি ৩০টি দপ্তর দুই বছর ধরে ইন্টারনেট সুবিধাবঞ্চিত ছিল। সংযোগ না দিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান স্কয়ার ইনফরমেটিক লিমিটেড দুই বছরে হাতিয়ে নেয় প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা।
সুবিধাবঞ্চিত দপ্তরের কর্মকর্তারা জানান, ন্যাশনাল আইসিটি ইনফা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফা-সরকার) প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরে ২০১৫ সালের শুরুতে গৌরনদী উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনারসহ (ভূমি) ৩১টি সরকারি দপ্তরে ইন্টারনেটের সংযোগ দেওয়ার জন্য ঠিকাদার নির্বাচিত হয় স্কয়ার ইনফরমেটিক লিমিটেড।
গৌরনদী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল বারেক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. আবদুল হান্নান জানান, ২০১৫ সালের প্রথম দিকে তাঁদের কার্যালয়ে সংযোগ দেওয়ার উদ্দেশ্যে স্কয়ার ইনফরমেটিক লিমিটেড ৩১টি সরকারি দপ্তরে তার টানে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযোগটি দিয়ে দুই দিন পরে এসে অন্য কার্যালয়ে সংযোগ দেওয়ার কথা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা চলে যান। এরপর দুই বছর পার হয়ে গেলেও তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি এবং গত দুই বছর ৩০টি সরকারি দপ্তর ছিল ইন্টারনেট সুবিধাবঞ্চিত। অথচ প্রকল্প থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।
ইউএনও দপ্তরের একটি সূত্র জানায়, ইনফা-সরকার প্রকল্পের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) স্বপন কুমার সরকার এ কার্যক্রম তদারকি করতে গত ২৩ মার্চ গৌরনদীতে মতবিনিময় সভা করেন। সভায় স্বপন কুমার সরকারের কাছে অন্য দপ্তরের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই বছরে ৩০টি সরকারি দপ্তরে কোনো সংযোগ দেওয়া হয়নি। সংযোগ না দিয়ে তাঁরা সরকারি তহবিল থেকে বিল তুলে নেন।
গত বুধবার সরকারি দপ্তরগুলোতে গেলে কর্মকর্তারা জানান, শুরু থেকে শুধু ইউএনওর দপ্তরে সংযোগ দেওয়া হয়। ২৯টি দপ্তরে সংযোগ দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান তার টানে। দুটি দপ্তরে কোনো তারই টানেনি। দুই বছরের প্রকল্প প্রায় শেষ হলেও ৩০টি দপ্তরই ছিল ইন্টারনেট সুবিধাবঞ্চিত।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান স্কয়ার ইনফরমেটিক লিমিটেডের বরিশাল অঞ্চলের ইনচার্জ রায়হান রনি বলেন, ‘প্রথম এটি এক বছরের প্রকল্প ছিল। পরবর্তীতে আরেক বছর বর্ধিত করা হয়। আমরা ২ বছরই ৩১টি সরকারি দপ্তরে সংযোগ চালু করে সম্পূর্ণভাবে কর্মকর্তাদের বুঝিয়ে দিয়েছি। আমাদের নিয়োগ করা টেকনিশিয়ান সংযোগ তদারকি করতেন। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে টেকনিশিয়ান না থাকায় বর্তমানে সমস্যা হচ্ছে।’ তবে বিল তুলে নেওয়া প্রসঙ্গে রায়হান রনি বলেন, ‘এখনো আমরা বিল পাইনি।’
রায়হান রনির এ বক্তব্য প্রত্যাখ্যান করে গৌরনদী উপজেলা প্রকৌশলী ফজল আহম্মেদ বলেন, ‘গত দুই বছরে এক সেকেন্ডের জন্যও আমার দপ্তরে সংযোগ পাইনি।’
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুজ্জামান ফরহাদ মুনশি ও উপজেলা সমবায় কর্মকর্তা এস এম ফরিদ হোসেন বলেন, ‘আমরা দুই বছরই ইন্টারনেট সুবিধাবঞ্চিত। ঠিকাদারি প্রতিষ্ঠান গত দুই বছরে কোনো দপ্তরে ইন্টারনেটের সংযোগ দেয়নি।’ তাদের সুরে সুর মিলিয়ে একই কথা বললেন অন্তত ১৫টি দপ্তরের কর্মকর্তা।
ইনফা-সরকার প্রকল্পের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি এ প্রসঙ্গে কথা বলতে রাজি হননি। একপর্যায়ে তিনি বলেন, মতবিনিময় সভায় অভিযোগ ছিল। বিষয়টি সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গৌরনদীর ইউএনও মো. মাহবুব আলম এ প্রসঙ্গে বলেন, ‘মতবিনিময় সভায় নির্বাহী পরিচালককে বিষয়টি অবহিত করার পর সংযোগ স্থাপন করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করার জন্য আমাকে নির্দেশনা দেন। খুব শিগগিরই সংযোগ চালু করা হবে।’