গৌরনদীতে সালিসি বৈঠকে সন্ত্রাসী হামলা, আহত ৮
বরিশালের গৌরনদী উপজেলার বিলগ্রাম এলাকায় গতকাল শুক্রবার একটি সালিসি বৈঠকে সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতাসহ আটজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য আনার পথে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।আহত ব্যক্তিরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাহিলাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী জসিম (৩০), তাঁর ভাই কাজী আরিফ (২০), তাঁর বাবা কাজী মোশাররফ (৫৬), তাঁর নানি লুত্ফুন নাহার (৭০), মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মিরণ গোমস্তা (২৫), দেলোয়ার ব্যাপারী (২৬), টিটু সিকদার (৩০) ও আনোয়ার হোসেন (৫০)। জানা গেছে, গতকাল বেলা ১০টায় গৌরনদী উপজেলার বিল্লগ্রাম এলাকায় মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান সরদারের বাড়িতে স্থানীয় একটি বিরোধ মীমাংসার জন্য সালিসি বৈঠক বসে। এই সালিসি বৈঠকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাহিলাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী জসিমের সঙ্গে স্থানীয় সলিল গুহ ওরফে পিন্টুর বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। যুবদল নেতা কাজী জসিম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে পিন্টু ও তাঁর সহযোগীরা তাঁর ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মিরণ গোমস্তা অভিযোগ করেন, আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাধা দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হলে পিন্টুর সহযোগী ঝন্টু ব্যাপারী হাসপাতালে গিয়ে তাঁদের ওপর পুনরায় হামলা চালায়। এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে ঝন্টু ব্যাপারীকে গ্রেপ্তার করেছে। গুরুতর আহত জসিম, মোশাররফ ও আরিফকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সলিল গুহ ওরফে পিন্টু যুবদল নেতা জসিমের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘সালিসি বৈঠকে প্রথমে জসিমই তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।