গৌরনদীতে সেচসংকটে অর্ধশত বোরো ব্লক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল শুকিয়ে যাওয়ায় সেচ সংকটের কারণে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ৫০টি বোরো ব্লকের এক হাজার হেক্টর জমিতে আবাদ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কৃষিনির্ভর এই উপজেলার কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। তাঁরা জরুরি ভিত্তিতে এসব খাল খননের দাবি জানিয়েছেন।সরেজমিনে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের অধিকাংশ খাল শুকিয়ে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মনজুর হোসেন জানান, গত বছর এ উপজেলায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। এবার সাত হাজার ১৫০ হেক্টরে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু পানির অভাবে ৩৫টি ব্লকের প্রায় ৮০০ হেক্টরে বোরো চাষ নাও হতে পারে। তবে কৃষকদের দাবি মতে, পানির অভাবে এক হাজার হেক্টর জমি অনাবাদি থাকবে। এর মধ্যে উপজেলার শরিকল, নলচিড়া, বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নের ব্লকের সংখ্যা বেশি। পশ্চিম ডুমুরিয়া থেকে সমরসিংহ-পূর্ব ডুমুরিয়া, ভূরঘাটা খাঞ্জাপুর খাল, ভূরঘাটা মেদাকুল ভায়া ইল্লা, ভালুকশী-গোয়াইল-সাউদের খাল পানিশূন্য হয়ে গেছে।পশ্চিম ডুমুরিয়া গ্রামের ব্লক ম্যানেজার আশ্রাব আলী সরদার ও কৃষক করিম মোল্লা জানান, খালে পানি না থাকায় তাঁরা বোরো চাষ করতে পারছেন না। গত বছর স্বেচ্ছাশ্রমের দু-একটি খাল খনন করেছিলেন, কিন্তু সেগুলো আবার ভরাট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর বিশ্বাস এ বিষয়ে বলেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় খালের পানি শুকিয়ে গেছে। পানির অভাবে চাষ করতে না পারায় উত্পাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।