বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রানা দাসকে গত রোববার খেলার মাঠ থেকে অপহরণ করা হয়েছে। তাকে উদ্ধারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা।সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা অবরোধ ও বিক্ষোভ সমাবেশের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক শ যাহবাহন আটকা পড়ে। খবর পেয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গৌরনদী হাইওয়ে থানার ওসি ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছে রানাকে উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।অপহরণের ঘটনায় রানার বাবা কৃষ্ণ দাস বাদী হয়ে সোমবার রাতে তিনজনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেছেন। সন্দেহভাজন তিনজনকে ওই রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। থানা-পুলিশ ও রানার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সুন্দরদী গ্রামের রানা রোববার বিকেলে আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন মলয় দাসের পরিত্যক্ত ভিটায় ক্রিকেট খেলছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে একই গ্রামের কার্তিক ভক্ত (২৫) রানাকে ডেকে নেন। এ সময় ওত পেতে থাকা সুন্দরদী গ্রামের বাসিন্দা ও ঢাকার রায়ের বাজারের একটি বিপণিবিতানের নৈশপ্রহরী সুলতান শরীফসহ অজ্ঞাত তিন-চারজন রানার নাকে চেতনানাশক রুমাল চেপে ধরে এবং মাইক্রোবাসে করে তাকে নিয়ে যায়।সন্ধ্যার পরও রানা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে সোমবার সকালে বিষয়টি পুলিশকে জানায় তারা। ওই দিন সন্ধ্যায় রানার পরিবারের সদস্যরা কার্তিককে জিজ্ঞাসাবাদ করলে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অপহরণের সঙ্গে সুলতান শরীফ ও তাঁর স্ত্রী হেনা বেগম জড়িত বলে জানান কার্তিক। সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে শরীফ ও হেনাকে গ্রেপ্তার করে।গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, আসামিদের গতকাল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।