গৌরনদীতে স্কুলছাত্র রানা দাস হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রানা দাস হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও শিক্ষকেরা এসব কর্মসূচি পালন করেন। জানা গেছে, গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের কৃষ্ণ দাসের ছেলে রানা দাসকে গত রোববার অপহরণ করা হয়। অপহরণের পাঁচ দিন পর গত শুক্রবার পুলিশ টরকীর একটি পরিত্যক্ত ডোবা থেকে রানার লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুন্দরদী গ্রামের সুলতান শরীফ ও তাঁর স্ত্রী হেনা বেগমকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।রানা দাস হত্যার বিচারের দাবিতে টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গতকাল বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যালয়সংলগ্ন টরকী-নীলখোলা সড়কে মানববন্ধন করে। মানববন্ধন শেষে স্কুল চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, অভিভাবক মো. মামুন, শিক্ষার্থী রফিকুল ইসলাম, সফিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।