গৌরনদীতে সড়ক দুর্ঘটনা, নিহত ২
বরিশালের গৌরনদীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
আজ বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দির ও বাটাজোর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাস ফেলে চালক পালিয়ে যাওয়ায় মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শত শত গাড়ি আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তী সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সোয়া একটায় যান চলাচল স্বাভাবিক করেন।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, আজ সকাল সাড়ে সাতটায় ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী কালীমন্দির–সংলগ্ন এলাকায় পথচারী নাঈম হোসেন (২৫) ও ভ্যানচালক মো. বাচ্চু হাওলাদারকে (৩৫) ভূরঘাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী লোকাল বাস বিসমিল্লাহ পরিবহন (বরিশাল-জ- ০৫-০০২৭) চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নাঈম হোসেন মারা যান। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঘোষকাঠি গ্রামের বাবুল ফকিরের ছেলে। গুরুতর আহত বাচ্চু হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপর দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে শাহজাহান মেম্বরের বাড়ির সামনে দুপুর সোয়া ১২টায় ভূরঘাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী বাস বরিশাল-ব-১১-০০৩২ একটি নছিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক মিলন সরদার (৩০) নিহত হন। তিনি গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গৌরনদী হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বেলা সোয়া একটায় যান চলাচল স্বাভাবিক করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। মামলা করার প্রস্তুতি চলছে।