গৌরনদীতে সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ
বরিশালের গৌরনদী উপজেলা সদরের একটি সড়ক সংস্কারের দাবিতে গৌরনদীর পালরদী মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল শনিবার ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের আশোকাঠি এলাকায় আটকা পড়ে কয়েক শ যানবাহন।স্থানীয় লোকজন জানান, গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গৌরনদী উপজেলা পরিষদ থেকে আশোকাঠি সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। এলজিইডি সড়কটি পুনর্নির্মাণের জন্য ২০০৯-১০ অর্থবছরে একটি প্রকল্প গ্রহণ করে। ৩৪ লাখ টাকা ব্যয়ে সড়কটি পাকাকরণের জন্য মেসার্স তানবিন এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। ২০১১ সালের ডিসেম্বর মাসে কাজটি শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার কাজটি শুরু করে আর শেষ করেনি। সরেজমিনে দেখা যায়, সড়কের মাটি কেটে রাখায় সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও পানি জমে আছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ঠিকাদার কাজ শুরুর আগে সড়ক দিয়ে কোনোমতে চলাচল করা গেলেও পরে মাটি কেটে রাখায় চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে মডেল স্কুল অ্যান্ড কলেজে আসা শত শত শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।এ অবস্থায় সড়কটি নির্মাণের দাবিতে পালরদী মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায়। বেলা ১১টায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারে আলম মোহামঞ্চদ মাকসুদ চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আতিকুর রহমান জানান, ‘লাইসেন্সের মালিক আমি, কিন্তু আসলে কাজটি করেন ঠিকাদার আবুল কালাম সিকদার।’ আবুল কালাম সিকদার বলেন, কিছু প্রভাবশালীর অনৈতিক দাবি, প্রকল্প এলাকা থেকে মালামাল চুরি করে নিয়ে যাওয়া ও অসহযোগিতার কারণে কাজ করা যাচ্ছে না। গৌরনদী উপজেলা প্রকৌশলী বিপুল কুমার দাস বলেন, কাজ শেষ করার জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ঠিকাদার কাজ করছেন না। দিদারে আলম মোহামঞ্চদ মাকসুদ চৌধুরী বলেন, সাত দিনের মধ্যে কাজ শুরু করা না হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।