গৌরনদীতে সড়কের গাছ লুট করছেন নেতারা!
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া-ছয়গ্রাম সড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাছ হরিলুট চলছে। আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা আড়াই মাস ধরে আড়াই হাজারের বেশি গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাহিলাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল নজীর হাওলাদার, ডিএসবি বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলামসহ অনেকেই অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান ও যুবলীগের নেতা সৈকত গুহ, আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সদস্য ও রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা সরদার, যুবলীগের কর্মী আনোয়ার হোসেন, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের আওয়ামী লীগ-সমর্থক ইদ্রিস কবিরাজসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ওই সড়কের গাছ কেটে নিচ্ছেন। গত ২৭ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, ছয়গ্রাম বাজারের পূর্ব পাশের পাঁচ-ছয়টি রেইনট্রি গাছ কেটে নিচ্ছেন কয়েকজন শ্রমিক। এ সময় গাছ কাটা শ্রমিক বাচ্চু সিকদার ও মন্টু সরদারের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, রত্নপুর ইউপির চেয়ারম্যান গোলাম মস্তফা সরদার ও আওয়ামী লীগ-সমর্থক সেন্টু বেপারীর নির্দেশে গাছ কাটা হচ্ছে। অভিযোগের ব্যাপারে ইদ্রিস কবিরাজ বলেন, রত্নপুর ইউপির চেয়ারম্যানের নির্দেশে এ গাছ নেওয়া হয়েছে। রত্নপুর ইউপির চেয়ারম্যান গোলাম মস্তফা বলেন, ‘আমি মাহিলাড়া ইউপির চেয়ারম্যানের কাছ থেকে ওই গাছ কিনে নিয়েছি।’ মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ বলেন, ‘আমি সড়ক ও জনপথ বিভাগ থেকে সামাজিক বনায়নের ইজারা নিয়েছি এবং বৈধভাবেই গাছ কাটছি।’ অভিযুক্ত অন্য নেতা-কর্মীরা অভিযোগ অস্বীকার করেছেন। বন বিভাগ গৌরনদীর ফরেস্টার মনীন্দ্রনাথ হালদার বলেন, ‘সম্পূর্ণ অবৈধভাবে সরকারি গাছ কেটে নেওয়া হচ্ছে। আমি বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির সভাসহ প্রশাসন ও সওজ কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়নি। আড়াই মাস ধরে সড়কের প্রায় আড়াই হাজার গাছ কেটে নেওয়া হয়েছে। এখনো গাছ কাটা অব্যাহত রয়েছে। কেটে নেওয়া গাছের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।’ সওজ বরিশালের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ সামস মোকাদ্দেস বলেন, ‘২০০৫ সালে এই সড়কটি আমরা এলজিইডির কাছে হস্তান্তর করেছি।’ এলজিইডি গৌরনদীর প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘সড়ক করা আমাদের দায়িত্ব। গাছ কে নিল না নিল, এটা আমাদের দেখার বিষয় নয়। তা ছাড়া এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে চাকরি করা যাবে না।’