বরিশালে আজ বুধবার বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। এ উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বরিশাল সফরে আসছেন। এই মহাসমাবেশে মহড়ার নেতৃত্ব নিয়ে গৌরনদীতে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির প্রচার মাইক ও টেম্পো ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার তালতলা বাজারে গতকাল সকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও তাঁর সমর্থকেরা গতকাল বিকেল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন। বিকেলে বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে জড়ো হতে থাকেন উপজেলা বিএনপির সভাপতি আবদুস সোবাহান ও তাঁর সমর্থকেরা। সন্ধ্যা সাতটায় তাঁরা দলীয় কার্যালয়ের দিকে যান। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে গতকাল সকালে নলছিটি উপজেলার তালতলা বাজারে বিএনপির একটি প্রচার টেম্পোতে ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী হামলা চালান। এ সময় তাঁদের হামলায় টেম্পোতে থাকা বিএনপির ছয় নেতাকর্মী আহত হন। এ ছাড়া দুপুরে পৃথক হামলায় শহর ছাত্রদলের আরও দুই কর্মী আহত হন।