গৌরনদীতে হিজবুত তওহিদের ছয় নারী সদস্য আটক
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার হিজবুত তওহিদের ছয়জন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বকুল বেগম (৫০), বিথী আক্তার (১৮), মাহিনুর বেগম (৪২), নাজমুন নাহার (১৯), শাহনাজ বেগম (৪৫) ও আমেনা আক্তার (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আধুনা গ্রামের মান্নান মীরের স্ত্রী বকুল বেগমের (৫০) নেতৃত্বে প্রশিক্ষিত ২০ জন নারীসদস্য গ্রামে আপত্তিকর লিফলেট, বই ও সিডি বিতরণ করছিলেন। গ্রামবাসী এর প্রতিবাদ করায় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় মুসল্লিরা সাকোকাঠি জামে মসজিদের মাইক থেকে হিজবুত তওহিদের সদস্যদের প্রতিরোধের আহ্বান জানান। গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ওই নারীদের ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যান। এ সময় আটক নারীদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও সিডি উদ্ধার করা হয়। খবর পেয়ে সরিকল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহজালাল খলিফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়। এসআই শাহজালাল খলিফা জানান, গৌরনদী উপজেলার সাকোকাঠি গ্রামের আবদুল মান্নান মীর দক্ষিণাঞ্চলের ছয় জেলার হিজবুত তওহিদের আমিরের দায়িত্বে রয়েছেন। তাঁর অধীনে রয়েছে প্রশিক্ষিত সহস্রাধিক সদস্য। তিনি বলেন, ছয়জনকে আটকের ঘটনায় তিনি বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা করেছেন।