গৌরনদীতে ৩৫ পরিবারকে এলাকাছাড়া করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি করা চাঁদা না দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের মারধর করা হয়েছে। চাঁদা পরিশোধ না করলে ৩৫টি পরিবারকে এলাকাছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল শুক্রবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে ওই এলাকার ৩৫টি হিন্দু পরিবারের দেড় শতাধিক নারী-পুরুষ মৌন মিছিল করে গৌরনদী মডেল থানা ঘেরাও করেন। তাঁরা চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
দক্ষিণ চাঁদশী গ্রামের জগদীশ মজুমদার (৬০) অভিযোগ করেন, উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর চাঁদশী পশ্চিমপাড়া গ্রামের বারেক তালুকদারের ছেলে নয়ন তালুকদার ও তাঁর সহযোগীরা তাঁর কাছে দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় বিভিন্ন সময় তাঁরা হুমকি দিয়ে আসছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জগদীশ মজুমদার চাঁদশী বাজারে গেলে নয়ন ও তাঁর সহযোগীরা তিনি কবে নাগাদ চাঁদা পরিশোধ করবেন, তা জানতে চান। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় এ সময় তাঁরা হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত একই গ্রামের ইন্দ্রজিৎ মণ্ডল ও বিমল মণ্ডল সন্ত্রাসীদের বাধা দিলে তাঁদেরও মারধর করে জখম করা হয়।
নয়ন তালুকদার বলেন, ‘আমি জগদীশকে এক লাখ টাকা ধার দিয়েছি। সেই টাকা ফেরত না দিয়ে তিনি টালবাহানা করছেন। এ নিয়ে তাঁর সঙ্গে আমার হাতাহাতির হয়েছে। পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।’