গৌরনদীর কর্মকর্তা-কর্মচারীরা মে মাসের বেতন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মে মাসের বেতন গতকাল মঙ্গলবার পর্যন্ত পাননি। তাঁদের অভিযোগ, এটা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার গাফিলতি। তবে ওই কর্মকর্তা বলছেন, সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় বেতন দেওয়া যাচ্ছে না।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গৌরনদীতে বিভিন্ন সরকারি দপ্তরের ১৮০ জন কর্মকর্তা ও কর্মচারী এ ভোগান্তিতে পড়েছেন। সরকারি বিধান অনুযায়ী, তাঁদের প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে দেওয়ার কথা। কিন্তু জুন মাসের ৬ তারিখ চলে গেলেও তাঁরা মে মাসের বেতন পাননি।
গৌরনদী উপজেলা প্রকৌশলী ফজল আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান ও মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা খানমের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এখনো মে মাসের বেতন পাননি। বিশেষ কষ্টে আছেন কম বেতনের কর্মচারীরা। অন্তত ১০ জন কর্মচারী বলেন, ৬ তারিখ পার হলেও বেতন না পাওয়ায় তাঁরা এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাঁরা এ ব্যাপারে সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, গৌরনদী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার গাফিলতির কারণে তাঁদের মে মাসের বেতন আটকে আছে।
তবে গৌরনদী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল বারেক মোল্লা বলেন, ‘আমাদের কোনো গাফিলতি নাই। প্রকৃত ঘটনা হচ্ছে ১ জুন থেকে বেতন-ভাতাসহ সব ধরনের লেনদেন অনলাইনে চালু করা হয়েছে। কিন্তু ওই দিন থেকেই কার্যালয়ের সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে বেতন দিতে পারছি না। কবে নাগাদ সেটি ঠিক হবে তাও বলা যাচ্ছে না।’
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ গতকাল মঙ্গলবার বলেন, গত সোমবার পর্যন্ত জাতীয় সার্ভারে সমস্যা ছিল। সেটি ঠিক হলেও স্থানীয় সার্ভারের ত্রুটি এখনো ঠিক করা যায়নি। সেটি ঠিক করে যত দ্রুত সম্ভব কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার চেষ্টা চলছে।