বরিশালের গৌরনদী উপজেলায় এইচএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে ভুল করে জেএসসি ও এসএসসি লেখা নৈর্ব্যক্তিক উত্তরপত্র পাঠিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।গৌরনদী পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ মার্চ গৌরনদী কেন্দ্রের সরকারি গৌরনদী কলেজ, বার্থী ডিগ্রি কলেজ ও গৌরনদী বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের এক হাজার ৪৯২ জন, মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ৫৯৫ জন ও সরিকল হোসনাবাদ ডিগ্রি কলেজ কেন্দ্রের ২৬১ জন পরীক্ষার্থীর জন্য উত্তরপত্র সরবরাহ করা হয়।মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ ফোরকান এবং সরিকল হোসনাবাদ ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার জানান, উত্তরপত্রগুলো গণনা করে নেওয়ার সময় বিষয়টি তাঁদের নজরে আসে। তাঁরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। স্বল্প সময়ে এগুলো সংশোধন করা সম্ভব নয় বলে তারা (বোর্ড কর্তৃপক্ষ) তাঁদের জানায়।বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর হোসেন জানান, আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে ওই নৈর্ব্যক্তিক উত্তরপত্র দিয়েই পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।