বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামে ঘরবাড়ি ভেঙে দিনমজুর মনির গাজীর পরিবারকে উচ্ছেদ করার পর তিন দিন অতিবাহিত হলেও কেউ ওই পরিবারটির পাশে দাঁড়ায়নি। সাত সদস্যের দরিদ্র পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।দখলদার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকের ভাড়া করা সন্ত্রাসীরা পরিবারটিকে এলাকা ত্যাগের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারটি প্রধানমন্ত্রীসহ মানবাধিকার সংস্থা ও ঊর্ধ্বতন প্রশাসনের সহযোগিতা চেয়েছে। গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেদখল হওয়া ভিটার পাশে বুক চাপড়ে কান্নাকাটি করছেন মনিরের বৃদ্ধ মা মনোয়ারা বেগম, স্ত্রী সেলিনা বেগমসহ ছেলে-মেয়ে। পাশেই রাজ্জাকের লোকজন দখল নেওয়া ভিটায় বাঁশবাগান তৈরির জন্য চারা লাগিয়েছেন। মনির গাজী বলেন, আবদুর রাজ্জাক তাঁর ‘ভাড়াটে সন্ত্রাসীদের’ পাহারায় বসিয়েছেন। সন্ত্রাসীদের ভয়ে তাঁরা দিনের বেলা ভিটার সামনের রাস্তায়, রাতে গ্রামের অন্য এক বাসিন্দা সেকেন্দার গাজীর গোয়ালঘরে পরিবার-পরিজন নিয়ে থাকছেন। তিনি অভিযোগ করেন, রাজ্জাকের লোকজন তাঁকে পরিবার-পরিজন নিয়ে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন। মনিরের পরিবারকে কেউ আশ্রয় দিলে তাদেরও ‘দেখে নেওয়া হবে’ বলে শাসাচ্ছেন। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, ‘আমার বৈধ সম্পত্তি দখলদারদের কাছ থেকে উদ্ধার করে নেওয়ার পর আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’ আদালতের নির্দেশে তিনি জমি দখল নিয়েছেন বলে দাবি করলেও তিনি এ-সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘আদালতের উচ্ছেদসংক্রান্ত কোনো কাগজপত্র আমি পাইনি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’