গৌরনদীর সড়কগুলো বেহাল
প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বরিশালের গৌরনদীর সড়কগুলো দীর্ঘদিন সংস্কার করা হয়নি। পৌর এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।সরেজমিনে ঘুরে ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ বছরে রাস্তাঘাট সংস্কার না হওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। গৌরনদী পৌরসভার টরকী বন্দরের প্রধান সড়কগুলো খানাখন্দে পরিণত হয়েছে। টরকী বাসস্ট্যান্ড থেকে টরকী বন্দর পোস্ট অফিস পর্যন্ত সড়ক, নীলখোলা থেকে টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পর্যন্ত সড়ক, টরকীরচর বড় ব্রিজ থেকে টরকী বন্দর ছাগলহাট পর্যন্ত সড়কসহ বন্দরের অভ্যন্তরীণ সড়কগুলোর বিটুবিন, পাথর ও খোয়া উঠে গেছে। কোনো কোনো স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।এ ছাড়া বন্দরের রায়পট্টি, গুড়পট্টি, মাঝিপট্টি, কাপড় ও মাছের টোল ঘরের পাশের সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে। পৌরসভার প্রাণকেন্দ্র টিকাসার থেকে গেরাকুলের রাস্তা, টিকাসার হেলালের দোকান থেকে পৌর মেয়রের বাড়ি পর্যন্ত রাস্তা, আশোকাঠি ফিলিং স্টেশন থেকে গেরাকুল ভায়া হ্যালিপাডের মানিক মিয়া সড়ক, বাদামতলা থেকে গোবর্ধন রাস্তা, দক্ষিণ পালরদী গয়নাঘাটা ব্রিজ থেকে গৌরনদী বন্দর কাঁচাবাজার পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে ভাঙা ও গর্তের সৃষ্টি হওয়ায় বর্তমানে যান ও জন চলাচলে ভোগান্তি বেড়ে গেছে।গৌরনদী পৌর নাগরিক কমিটির সহসম্পাদক রফিকুল ইসলাম জানান, প্রতিবছর পৌরসভার প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব আয় হলেও নাগরিক সুবিধার জন্য তেমন কোনো উন্নয়ন হচ্ছে না। গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান বলেন, পৌরসভার উন্নয়নের জন্য সংশিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই সড়কের সংস্কার করা হবে।