
সকাল থেকে দিনমান টানা শ্রাবণের বৃষ্টি। মুষলধারে বৃষ্টির মধ্যে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হন নৈসর্গিক মনোলোভা ধর্মসাগরপারে অবস্থিত কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে। কেউ ছাতা মাথায়, কেউবা বৃষ্টিস্নাত হয়ে আনন্দ–উল্লাসে বাদ্যযন্ত্রের তালে মেতে ওঠে। ক্ষণে ক্ষণে ‘জিলা স্কুল’ ধ্বনিতে মুখর করে তোলে পুরো ক্যাম্পাস আঙিনা। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে স্মৃতিচারণে কাতর হয়ে পড়েন নানা ব্যাচের শিক্ষার্থীরা। হাত মেলানো আর আলিঙ্গনে জড়িয়ে নেন একে অপরকে। তাঁদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় বর্তমান শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার এ অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুলের গৌরবের ১৮০তম বর্ষপূর্তি ছিল।
আয়োজকেরা জানিয়েছেন, বেলা ১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কেক কেটে বর্ষপূর্তি উত্সবের উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ১৯৬৭ সালের ব্যাচের শিক্ষার্থী মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল হাসান ও কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারও উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেই আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের শহীদ আবু জাহিদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণা অনুষ্ঠান হয়।
এতে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘কুমিল্লার নাম কোথাও উল্লেখ করলে প্রথমে আমি কুমিল্লা জিলা স্কুলের নাম বলি। এ স্কুলের ঐতিহ্য ও সুনাম সারা দেশে ছড়িয়ে আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে কুমিল্লা জিলা স্কুলের মধ্যে আমি খুঁজে পাই। জিলা স্কুল আমাদের মুক্তিযুদ্ধ, ঐতিহ্য ও চেতনার প্রতীক।’
নাজমুল হাসান বলেন, একাত্তরের রণাঙ্গনে এ স্কুলের ১৩৮ জন ছাত্র মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন শহীদ হয়েছেন। দেশের শীর্ষ পর্যায়ে এখানকার বহু শিক্ষার্থী মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এখনো করছেন। জিলা স্কুল এ অঞ্চলের আলোকবর্তিকা, বাতিঘর।
বর্ষপূর্তি উত্সবে স্মৃতিচারণা করেন কুমিল্লা নগরের চকবাজার এলাকার বাসিন্দা ১৯৬০ সালের ব্যাচের মোয়াজ্জেম হোসেন। ৫৭ বছর আগে বিদ্যালয় ছেড়েছেন। অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘আমার ব্যাচের খুব কম সহপাঠীই বেঁচে আছেন। খবর পেয়ে চলে আসলাম। সবার সঙ্গে এই বয়সে আনন্দ করছি।’ স্মৃতিচারণা করেন তরুণ লেখক পিয়াস মজিদ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান ও একই কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামসিল আরেফিন ভূঁইয়া বলেন, ‘বিদ্যালয়ের এমন আনন্দযজ্ঞে উপস্থিত হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি।’
১৮৩৭ সালের ২০ জুলাই কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়। পড়াশোনা, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক কর্মযজ্ঞে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে।