গৌরাঙ্গের মরদেহ দেশে পৌঁছেছে
কলকাতার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি গৌরাঙ্গ মণ্ডলের মরদেহ গতকাল শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান জানান, গৌরাঙ্গ মণ্ডলের মরদেহ বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গৌরাঙ্গের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক রাকিবুল হক। মরদেহের সঙ্গে দেশে ফিরেছেন গৌরাঙ্গের সঙ্গে কলকাতায় যাওয়া তাঁর ছেলে বিদ্যাসাগর মণ্ডল ও ভাগ্নে রক্ষিত মণ্ডল।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে তাঁর বাড়ি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়।কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে মুঠোফোনে বলেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গৌরাঙ্গ মণ্ডলের মরদেহ এবং বিদ্যাসাগর ও রক্ষিতের টিকিটের ব্যবস্থা করে। এ ছাড়া নিহতকে আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে।মুন্সিগঞ্জ ও নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় গৌরাঙ্গের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কানাইনগর গ্রামে গিয়ে তাঁর স্বজনদের আহাজারি করতে দেখা যায়। গৌরাঙ্গের শেষকৃত্যের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।