গৌরীপুর কলতাপাড়া সড়ক খানাখন্দে ভরা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া-গৌরীপুর আঞ্চলিক সড়কটি খানাখন্দের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের চার কিলোমিটার এলাকাজুড়ে এই অবস্থার কারণে ঝুঁকি নিয়েই চলছে বিভিন্ন যানবাহন। বর্ষার আগে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, গৌরীপুর বাস টার্মিনাল থেকে কলতাপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কজুড়ে রয়েছে বেশ কয়েকটি গর্ত। সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে গিয়ে এসব গর্তের সৃষ্টি হয়েছে।
চালক ও যাত্রীরা জানান, জেলা সদরে যোগাযোগের জন্য এটিই একমাত্র সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক ছাড়াও বাস, পিকআপ ভ্যান, অটোরিকশা, টেম্পো, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এ বছর বর্ষার শুরুতে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়।
গৌরীপুর পরিবহন শ্রমিক সমিতির বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন, ঝুঁকিপূর্ণ এই সড়ক মেরামতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। হালিমা আক্তার নামের এক যাত্রী বলেন, ভাঙা এ সড়কে যাতায়াত করতে গেলে সব সময় আতঙ্কে থাকতে হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গৌরীপুর উপজেলা প্রকৌশলী মোহামঞ্চদ শাজাহান বলেন, সড়কটি মেরামতকাজের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।