গৌরীপুর-বৈখরহাটি সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১৪ কিলোমিটার দীর্ঘ গৌরীপুর-বৈখরহাটি সড়কের নানা স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি ওই সব খানাখন্দে জমে সড়কের অনেক স্থানে ডোবার মতো সৃষ্টি হয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে গৌরীপুরের তিনটি ইউনিয়ন ও নেত্রকোনা জেলার তিনটি উপজেলার কয়েক হাজার মানুষ।
তিন বছর আগে সড়কটির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১২ কিলোমিটার অংশ সংস্কার করা হলেও পৌরসভার আওতাধীন দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ না হওয়ায় ওই দুই কিলোমিটারের অবস্থা বেশি খারাপ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুরের পূর্বাঞ্চলের অচিন্তপুর, মাওহা, সহনাটি ও বোকাইনগর ইউনিয়নের লক্ষাধিক মানুষের উপজেলা শহরে যোগোযোগের একমাত্র সড়ক এটি।
এ ছাড়া সড়কটি দিয়ে নেত্রকোনার কেন্দুয়া, মদন ও আটপাড়া উপজেলার কয়েক হাজার মানুষ গৌরীপুর উপজেলার রামপুর ও বৈখরহাটি হাটে আসে। সব মিলে এ সড়ক দিয়ে লক্ষাধিক মানুষ চলাচল করে। রোগী নিয়ে এ পথে চালাচলের সময় মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গৌরীপুর-বৈখরহাটি সড়কের পৌরসভার অংশের পূর্ব দাপুনিয়া, বালুয়াপাড়া, গোলকপুর ও এলজিইডির অংশের মিরিকপুর, চৈয়ারকান্দা, ঘাগলা ও শাহগঞ্জ বাজারে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে সড়কের গর্তগুলো এখন ছোটখাটো ডোবার মতো মনে হয়। সড়কের এই বেহালদশার কারণে বাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, লেগুনাসহ নানা ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
অটোরিকশার চালক মো. রানা বলেন, বৃষ্টি হলে সড়কের গর্তগুলো পানিতে ডুবে যায়। তখন দুর্ঘটনার ভয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। আবদুল আলিম নামের একজন যাত্রী বলেন, ‘ব্যবসার কাজে সপ্তাহে দু-তিন দিন সড়কটি দিয়ে আমার চলাচল করতে হয়। সড়ক খারাপ থাকার কারণে মালামাল পরিবহনে খরচ বেশি লাগে।’
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘এলজিইডির নির্মিত সড়ক সংস্কার করার দায়িত্ব এলজিইডিরই। পৌরসভার অংশের দুই কিলোমিটার সংস্কার করাও তাদের দায়িত্ব। আমি এলজিইডির সঙ্গে যোগাযোগ করে সংস্কারের ব্যবস্থা করার চেষ্টা করব।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গৌরীপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, পৌরসভার অংশসহ সড়কটি সংস্কারের প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে সংস্কারকাজ করা হবে।