গৌরীপুরে অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে তিনটি সিনেমা হল অশ্লীল চলচ্চিত্র (কাটপিস) প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছে বলে অভিযোগ উঠেছে। ওই বাজার ও আশপাশের এলাকাগুলো ওই সিনেমা হলগুলোর অশ্লীল পোস্টারে ছেয়ে গেছে।
সম্প্রতি শ্যামগঞ্জ বাজারে গিয়ে দেখা গেছে, রেলওয়ে স্টেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কসহ বাজারের প্রতিটি সড়কে হলি, তরঙ্গ ও আশা নামের তিনটি সিনেমা হলের অশ্লীল পোস্টার সাঁটানো রয়েছে। এই পোস্টার থেকে রেহাই পায়নি শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন স্মৃতিসৌধটিও। এসব পোস্টারের পাশ চলাচল করেছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পথচারী মো. শিহাব উদ্দিন বলেন, তিনি সপ্তাহে কমপক্ষে দুটি হলে গিয়ে চলচ্চিত্র দেখেন। হলি ও তরঙ্গ সিনেমা হলে মধ্যবিরতির পর চলচ্চিত্র শুরু হওয়ার আগে পাঁচ থেকে দশ মিনিটের কাটপিস প্রদর্শন করা হয়। শিহাবের সঙ্গে থাকা আরও কয়েকজন পথচারী বলেন, ছোট এই বাজারে তিনটি সিনেমা হল থাকায় মালিকেরা দর্শকদের আর্কষণ করার জন্য এসব অশ্লীল পোস্টার ও চলচ্চিত্র প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি আশা সিনেমা হলের মালিক কুরুচিপূর্ণ পোস্টার ও চলচ্চিত্র প্রদর্শন থেকে কিছুটা বিরত হলেও অন্য দুটি হলের অবস্থা অপরিবর্তিত। অশ্লীল পোস্টার প্রদর্শনের কারণে তরুণদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
শ্যামগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থীর সঙ্গে। তারা জানায়, রাস্তায় অশ্লীল পোস্টার সাঁটানো থাকায় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে হেঁটে যেতে তাদের সংকোচ লাগে। আবার অনেক তরুণ শিক্ষক ও অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে এসব সিনেমা দেখতেও যায়।
চলচ্চিত্র চলা অবস্থায় হলি সিনেমা হলে কথা বলতে গেলে ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সাহা দাবি করেন, পোস্টার খোলামেলা হলেও প্রেক্ষাগৃহে কোনো অশ্লীল দৃশ্য দেখানো হয় না।
আশা সিনেমা হলের মালিক দুধু মিয়া বলেন, ‘দুটি হলের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে আগে অশ্লীল পোস্টার প্রদর্শন করলেও এখন করছি না।’ গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাছির উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’