গৌরীপুরে আ.লীগ ও বিএনপিতে বিভক্তি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই রয়েছেন একজন করে ‘বিদ্রোহী’ প্রার্থী। ফলে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যেই দেখা দিয়েছে বিভক্তি। আগামী ১৫ মার্চ এ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী দলীয় সমর্থন চান। পরে দলীয় সিদ্ধান্ত অনুয়ায়ী সমর্থন প্রত্যাশীদের মধ্যে তৃণমূলের ভোট হয়। গত ১৮ ফেব্রুয়ারির ভোটে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান বিজয়ী হয়ে দলের একক সমর্থন পান। তবে দলের সিদ্ধান্ত মেনে চারজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক শরীফ হাসান প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগ করেন, আলী আহাম্মদ টাকার বিনিময়ে ও প্রভাব সৃষ্টি করে তৃণমূলের ভোট নিজের পক্ষে নিয়েছেন। যার ফলে জ্যেষ্ঠ নেতারা মৌন থাকলেও তৃণমূলের নেতা-কর্মীদের বড় অংশই শরীফের পক্ষে কাজ করছেন। তবে গত বৃহস্পতিবার শরীফকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। তাঁর বহিষ্কার নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদককে জেলা কমিটি বহিষ্কার করতে পারে না বলে জানান নেতারা। বহিষ্কারের পরদিন গতকাল শুক্রবার ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপজেলা সদরে এসে শরীফের পক্ষে মিছিল করেন।
আলী আহম্মদ খান পাঠান বলেন, ‘তৃণমূলের কোনো ভোটারকেই চাপ প্রয়োগ করা হয়নি বা টাকা দেওয়া হয়নি। তাঁরা স্বেচ্ছায় আমাকে সমর্থন দিয়েছেন।’ শরীফ বলেন, ‘আমি কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক। জেলা কমিটি আমাকে বহিষ্কার করার এখতিয়ার রাখে না।’
বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রার্থী নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান পদে আহাম্মদ তায়েবুর রহমানকে বিএনপি-সমর্থিত একক প্রার্থী ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্ত না মেনে গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির আহ্বায়ক ইকবাল হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা চেয়ারম্যান পদে মকবুল হোসেন খানকে আলাদাভাবে বিএনপি সমর্থিত একক প্রার্থী ঘোষণা করা হয়। এতে স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই ইকবালের প্রতি ক্ষুব্ধ হন।