গৌরীপুরে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাঁর নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়নকাজের উদ্বোধন করেছেন এবং মুক্তিযোদ্ধা সংসদে বসে নির্বাচনী সভা করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে মজিবুর রহমান ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অধীনে তাঁর নির্বাচনী এলাকা গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিষমপুর গ্রামের ২ দশমিক ০১৩ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুতের লাইনটি এক সপ্তাহ আগেই চালু হয়েছিল। শনিবার সাবেক প্রতিমন্ত্রী সুইচ চেপে ওই সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর পরিচালক রতন সরকার বলেন, লাইনটির আরও আগে উদ্বোধন করার কথা ছিল। কোনো কারণে আগে উদ্বোধন করা সম্ভব হয়নি বলে শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ ছাড়া মজিবুর রহমান ফকির আচরণবিধি লঙ্ঘন করে সরকার-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদে বসে প্রতিদিন নির্বাচনী সভা করছেন বলেও অভিযোগ উঠেছে। মজিবুর রহমান ফকিরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে বলেন, ‘হ্যাঁ, আমি আমার নির্বাচনী এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেছি। এটা কোনো নেতিবাচক কাজ নয়।’ তিনি আরও বলেন, ‘আমি নিজে যেহেতু মুক্তিযোদ্ধা, কাজেই মুক্তিযোদ্ধা সংসদে বসে সভা করতেই পারি।’