গৌরীপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০
ময়মনসিংহের গৌরীপুরে গতকাল বুধবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে। টিআর কর্মসূচি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, উপজেলার টিআর কর্মসূচি নিয়ে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগ নিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন সারোয়ারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদে গিয়ে এ কর্মসূচি অনুমোদন ও টাকা বিতরণে আপত্তি জানায়। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের এবং অপর সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এতে পৌরসভা মেয়রের ছোট ভাই জুয়েল আহত হন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ হামলার খবর জানাজানি হলে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের দুই শতাধিক অনুসারী রামদা, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় উপজেলা খাদ্য ও ত্রাণ কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িসহ ছয়টি মোটরসাইকেলও।সংঘর্ষে আবদুল কাদিরের ছেলে জনি গুরুতর আহত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার জানান, জেলা সদর থেকে র্যাব ও দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।