গৌরীপুরে আবার শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৃদ্ধিসহ কয়েক দফা দাবি পূরণ না হওয়ায় গতকাল সোমবার আবারও বিক্ষোভ করেছেন ময়মনসিংহের গৌরীপুরের ডেলটা স্পিনার্স মিলের বেশির ভাগ শ্রমিক। পরে পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ২৩ জুলাই বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলেও শ্রমিকদের অভিযোগ, দুই মাসের বেশি সময় পার হলেও কোনো দাবিই পূরণ করা হয়নি।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায়গত শনিবার শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করেন। ওই দিন বিক্ষুব্ধ শ্রমিকেরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন এবং কারখানায় ভাঙচুর চালান। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর রোববার ও গতকাল বেশির ভাগ শ্রমিকই কাজে যোগ না দিয়ে কারখানার ফটকের সামনে অবস্থান নেন।

তাঁরা দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করেন। শ্রমিকেরা কারখানার ফটকের সামনে অবস্থান নিলে পুলিশ ধাওয়া দেয়। কারখানার ফটকের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মাহমুদুল হাসান মুন্সী বলেন, শ্রমিকদের বেশির ভাগ দাবিই মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক শ্রমিক সোমবার (গতকাল) কাজে যোগ দিয়েছেন। কিছু শ্রমিক কাজে যোগ দেওয়া শ্রমিকদের উসকানি দেওয়ার জন্য ফটকের সামনে অবস্থান নিলে কারখানার নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদুল হাসান বলেন, শ্রমিক অসন্তোষের বিষয়টির স্থায়ী সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।