ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা বাজারের একটি উন্নয়ন সংস্থা গ্রাহকদের টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা ফেরত পাওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার গ্রাহকেরা মানববন্ধন করেছেন।
গৌরীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, ৮৭ জন গ্রাহকের কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় সূত্রে জানা যায়, ডৌহাখলা সামাজিক উন্নয়ন সংস্থা (ডিসাস) নামের ওই সংস্থা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে ২০০৬ সালে ডৌহাখলা বাজারে কার্যক্রম শুরু করে। নিবন্ধনের শর্ত অনুযায়ী সংস্থাটির শুধু সামাজিক উন্নয়ন করার কথা ছিল। শর্ত না মেনে অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থার কর্মকর্তারা ডৌহাখলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা সঞ্চয় হিসেবে নেন। দেড় বছর আগে গ্রাহকদের টাকা না দিয়ে সংস্থার কর্মকর্তারা উধাও হয়ে যান। এরপর গ্রাহকেরা নানাভাবে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
গ্রাহকদের অভিযোগ, দেড় বছরে হাতে গোনা কয়েকজন গ্রাহককে টাকা ফেরত দিয়েছেন। তবে বেশির ভাগ গ্রাহক নিজেদের টাকা ফেরত পাননি।
গত রোববার ভুক্তভোগী গ্রাহকেরা গৌরীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করেন। কিন্তু টাকার আশ্বাস না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ডৌহাখলা বাজারে শতাধিক নারী গ্রাহক মানববন্ধন করতে চাইলে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম মানববন্ধনে বাধা দেন। বাধা দেওয়ার পরও কিছু নারী গ্রাহক মানববন্ধন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক বলেন, ইউপি সদস্য সাইদুল ইসলাম মানববন্ধনে অংশ নেওয়া নারীদের হুমকি দিয়ে সরে যেতে বলেন। সাইদুল ইসলাম গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। ওই গ্রাহকেরা বলেন, ‘দেড় বছর ধরে প্রভাবশালী ব্যক্তিদের আশ্বাসে আমরা চুপ ছিলাম, কিন্তু টাকা পাইনি।’
এ বিষয়ে ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘আমি মানববন্ধনে বাধা দিইনি। আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।’
গৌরীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভুক্তভোগী গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা আক্তারের কাছে টাকা ফেরত পাওয়ার দাবিতে লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী দেবাশীষ পত্রনবীশ ঘটনাটি তদন্ত করতে যান। তিনি বলেন, ‘আমরা মোট ৮১ জন গ্রাহকের সঙ্গে কথা বলেছি। দ্রুত তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য কাজ করা হবে।’