গৌরীপুরে এসিডদগ্ধ হানুফার পরিবার এখন অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার ওপর এসিড ছুড়ে মারেন মোফাজ্জল। এসিড ছুড়েই ক্ষান্ত হননি তিনি, তাঁর হুমকিতে এখন আমি ও বাবা-মা বাড়িছাড়া।’ কাঁদতে কাঁদতে এভাবেই নিজের অসহায়ত্বের কথা জানালেন এসিডদগ্ধ হানুফা আক্তার বিউটি। বিয়ের ১৫ দিনের মাথায় গত ১৬ এপ্রিল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কামারজানি গ্রামে বাবার বাড়িতে তিনি এসিড-সন্ত্রাসের শিকার হন।হানুফার পরিবারের সদস্যরা জানান, এসিড সারভাইভারস ফাউন্ডেশনে দীর্ঘদিন চিকিত্সা নিয়ে এলাকায় ফিরলেও এসিড নিক্ষেপকারীদের হুমকির মুখে হানুফা বাড়িতে ফিরতে পারছেন না। শুধু তিনি নন, এসিড-সন্ত্রাসীদের হুঙ্কারে বাবা-মাসহ তাঁর পরিবার বাড়িছাড়া। তাঁদের দিন কাটছে ভীষণ দুর্ভোগে, আত্মীয়স্বজনের বাড়িতে বাড়িতে। এদিকে শ্বশুরবাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে তুলে না নেওয়ায় সেখানেও যেতে পারছেন না হানুফা।হানুফার পরিবারের অভিযোগ, বিদ্যালয়ে পড়ার সময় থেকেই প্রতিবেশী মোফাজ্জল হোসেন (২৫) হানুফাকে পথেঘাটে উত্ত্যক্ত করতে শুরু করেন এবং বিয়ের প্রস্তাব দেন। মোফাজ্জলের পক্ষ নিয়ে তাঁর বন্ধু নুরুল আমীনও (৩০) হানুফাকে প্রলোভন দেখান। হানুফা রাজি না হওয়ায় দেখানো হয় ভয়ভীতি। ২০০৬ সালে এসএসসি পাসের পর হানুফা উপজেলা সদরের গৌরীপুর মহিলা কলেজে ভর্তি হয়ে ছাত্রীনিবাসে ওঠেন। মোফাজ্জল সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিয়ে চলে যান বগুড়ায়। তখন থেকে শুরু হয় মুঠোফোনে উত্পাত। কখনো কখনো হানুফার মুঠোফোনে মোফাজ্জল অশ্লীল খুদে বার্তা পাঠাতেন, দিতেন হুমকি-ধমকি। এইচএসসি পাসের পর একই কলেজে স্নাতকে (পাস কোর্স) ভর্তি হন হানুফা। গত ১ এপ্রিল পরিবারের পছন্দ করা পাত্রের সঙ্গে হানুফার বিয়ে হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোফাজ্জল ও নুরুল আমীন হানুফাকে প্রচণ্ড হুমকি ও তাঁর স্বামীর মুঠোফোনে অশ্লীল খুদে বার্তা পাঠাতে শুরু করেন। ১৬ এপ্রিল হানুফা বাবার বাড়ি বেড়াতে এলে সেই রাতেই তাঁর ওপর এসিড ছুড়ে মারা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ১৭ এপ্রিল হানুফার মা জোবায়দা বেগম গৌরীপুর থানায় এসিড নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় মোফাজ্জল ও নুরুল আমীনকে আসামি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার তদন্ত করে ৪৪ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।ওসি বলেন, মোফাজ্জল-নুরুল আমীনের পারস্পরিক যোগাযোগ ও তাঁদের মুঠোফোনের কল-তালিকা যাচাই করে এবং বগুড়া সেনানিবাসে একজন সেনা কর্মকর্তার উপস্থিতিতে মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করে তিনি নিশ্চিত হয়েছেন, হানুফার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় নুরুল আমীন ও মোফাজ্জল দুজনেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ওসি জানান, বগুড়া সেনানিবাসে গিয়ে তিনি জানতে পারেন, এসিড হামলার এক দিন আগে মোফাজ্জল ছুটি নিয়েছিলেন এবং ঘটনার পরের দিন তিনি কাজে যোগ দেন। এই সময় তিনি কোথায় ছিলেন, জানতে চাইলে মোফাজ্জল কোনো সদুত্তর দিতে পারেননি।হানুফা বলেন, ‘এসিড নিক্ষেপের সময় কুপি ও টর্চের আলোতে আমি নুরুল আমীনকে চিনতে পারি। নুরুল আমীনের পেছনে আরও একজন ছিলেন।’ তিনি বলেন, ‘মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিল হওয়ার পর আসামিদের হুমকির মুখে আমি এবং আমার পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িতে দিন কাটাচ্ছি।’ওসি বলেন, ‘পরিবারের নিরাপত্তা নিয়ে হানুফার মা আমার সঙ্গে কথা বলেছেন। বিষয়টি অবশ্যই দেখা হবে।’ ওসি জানান, মোজাম্মেলের বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তাঁর ব্যক্তিগত কোনো সম্পত্তি না থাকায় কোনো মালামাল ক্রোক করা যায়নি।মোফাজ্জল এখনো বগুড়া সেনানিবাসে কর্মরত। মোফাজ্জলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হানুফা দুই দফায় সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেন। কিন্তু এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, তা হানুফার পরিবার জানতে পারেনি।