গৌরীপুরে ট্রেন লাইনচ্যুত, ৩০ যাত্রী আহত
নেত্রকোনার জারিয়া থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগি গতকাল বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত বগি থেকে তড়িঘড়ি নামতে গিয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। এ ঘটনার পর থেকে মোহনগঞ্জ, ভৈরব ও জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গৌরীপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৭৩ নম্বর আপ ট্রেনটি গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে গৌরীপুর স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যে গৌরীপুর জংশনের আউটার সিগন্যালের কাছে প্রচণ্ড শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগি থেকে দ্রুত নামতে গিয়ে ৩০ জন সামান্য আহত হন। গৌরীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. তারেক জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। গতকাল রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।