গৌরীপুরে দুই সহোদরকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরে গতকাল সোমবার মহান বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে দুই সহোদরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। স্থানীয় স্টেডিয়ামে এই প্যারেড অনুষ্ঠান চলছিল। আহত ব্যক্তিরা হলেন মো. মিজান (২৩) ও আনোয়ার হোসেন (১৭)। তাঁরা উপজেলার সাতুতি গ্রামের আবুল কাশেমের ছেলে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় গৌরীপুর স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে দর্শক সারিতে বসে ছিলেন ওই দুই ভাই। এ সময় অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী স্টেডিয়ামে ঢুকে মিজান ও আনোয়ারকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা ভয়ে ছোটাছুটি করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে থাকলে হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হন।
ওই সময় অনুষ্ঠানে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাছির উদ্দিনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হামিদুল ইসলাম বলেন, ‘কয়েকটি ছেলে স্টেডিয়ামের বাইরে একজনকে ধাওয়া করে সামান্য আহত করে। এটি পূর্বশত্রুতার কারণে হতে পারে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।’