গৌরীপুরে দুই হাজার একর জমির ধান পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর হাওর ও ইছুলিয়া বিলের প্রায় দুই হাজার একর জমির বোরা ধান তলিয়ে গেছে। এতে ইউনিয়নের পাঁচটি গ্রামের শতাধিক কৃষকের প্রায় ৮০ শতাংশ বোরো ধান ঘরে তোলার সম্ভাবনা নেই। ফলে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, প্রায় এক হাজার একর বোরো আবাদ করা কৃষ্ণপুর হাওরে কোমড়সমান পানির নিচের ধান কাটছেন কৃষকেরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন কৃষক জানান, আগাম বৃষ্টিপাত আর পার্শ্ববর্তী লংকা নদী ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আরও কিছুদিন ধান পানির নিচে থাকলে পচে যাবে বলে তাঁরা কাঁচা ধানই কেটে ঘরে তোলার চেষ্টা করছেন।পার্শ্ববর্তী ইছুলিয়া বিলের প্রায় এক হাজার একর জমির পুরোটাই পানিতে তলিয়ে গেছে। এসব জমির ধান ঘরে তোলার কোনো সম্ভাবনা নেই। ওই এলাকার বেশ কয়েকজন কৃষক জানান, কৃষ্ণপুর হাওর আর ইছুলিয়া বিলে ইছুলিয়া, মহিসরন, ঢেকুরা, হলদিয়া ও চড়াকোনা গ্রামের শতাধিক কৃষকের জমি রয়েছে। ৭ মে থেকে কয়েক দিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় পাঁচটি গ্রামের মানুষ খুব অসহায় অবস্থায় রয়েছে। কৃষকেরা জানান, এ বছর বোরোর আবাদে ব্যাপক লোকসান গুনতে হবে। ধানের বাজারদর প্রতিমণ ৪৭০ থেকে ৫০০ টাকা। তার ওপর বিপুল পরিমাণ ধান তলিয়ে যাওয়ায় ইউনিয়নের পাঁচটি গ্রামের কৃষকের অপূরণীয় ক্ষতি হবে।কৃষ্ণপুর গ্রামের আব্বাস আলী জানান, ইছুলিয়া বিলে তাঁর ৪০০ শতক জমির মধ্যে বেশির ভাগই পানির নিচে। সাত দিন পানির নিচে থাকায় এই ধান আর রক্ষা করার কোনো সম্ভাবনা নেই। কৃষক আতাউর রহমান জানান, কৃষ্ণপুর হাওরে তাঁর প্রায় ১০০ শতক জমি পানির নিচে। ধান কাটতে শ্রমিকেরা জনপ্রতি ৫০০ টাকা চান। ধান বেচে উৎপাদন খরচ উঠবে না বলে তিনি ধান না কাটার সিদ্ধান্ত নিয়েছেন।গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন, ‘অসময়ে বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রকৃতির ওপর মানুষের হাত নেই। তবে আশা করি, আবহাওয়া অনুকূলে এলে কৃষকেরা এই বিপর্যয় কাটিয়ে উঠবেন।’