গৌরীপুরে দুটি বাড়িতে আ.লীগ কর্মীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শিবপুর গ্রামে গতকাল আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি ।  ছবি: প্রথম আলো
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শিবপুর গ্রামে গতকাল আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি । ছবি: প্রথম আলো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুটি বাড়িতে হামলা চালিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা। গতকাল শনিবার উপজেলার শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলার শিকার পরিবারের সদস্যদের পুলিশ হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন ও হামলার শিকার দুটি পরিবার জানায়, গত শুক্রবার বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে শিশুদের দাঁড়িয়াবান্ধা খেলাকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম সরকারের সঙ্গে শিবপুর গ্রামের মঞ্জুরুল হক ও মোশারফের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঞ্জুরুল ও মোশারফ শিবপুর বাজারে সালামকে মারধর করেন। এ ঘটনার জের ধরে গতকাল সকাল নয়টার দিকে রামগোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগের কর্মীরা দুটি ব্যটারিচালিত অটোরিকশায় করে এসে মঞ্জুরুল ও মোশারফের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা ওই দুই বাড়ির চারটি বসতঘরসহ ছয়টি ঘর ভাঙচুর করেন।
সালামের পক্ষের লোকেরা থানায় অভিযোগ করলে শুক্রবার রাতেই পুলিশ মঞ্জুরুলের বাড়িতে অভিযান চালায়।
মঞ্জুরুলের পরিবারের অভিযোগ, অভিযানের সময় পুরুষ মানুষ পালিয়ে গেলে পুলিশ মঞ্জুরুলের অন্তঃসত্ত্বা বোন নার্গিসের ওপর শারীরিক নির্যাতন করে। এ সময় নার্গিসের স্বামী জাহাঙ্গীর আলমকে পুলিশ ধরে নিয়ে যায়।
গৌরীপুর থানার উপপরিদর্শক মঈন উদ্দিন জানান, মঞ্জুরুল ও মোশারফের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে অন্তঃসত্ত্বার ওপর শারীরিক নির্যাতনের কথা তিনি অস্বীকার করেন।