গৌরীপুরে দুটি লেভেল ক্রসিং অরক্ষিত, ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে দুটি লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। এ দুটি ক্রসিংয়ে ব্যারিয়ার (প্রতিবন্ধক) স্থাপন করা হলেও সেগুলো ব্যবহার করা হয় না। এতে লেভেল ক্রসিং দুটি অরক্ষিত অবস্থায় থাকায় প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
লেভেল ক্রসিং দুটি শ্যামগঞ্জ বাজার থেকে গৌরীপুর সড়কে পাশাপাশি অবস্থিত। এর একটি ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলসড়কে এবং অপরটি ময়মনসিংহ জারিয়া রেলসড়কে।
শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. শাহাবউদ্দিন বলেন, ‘লোকবলসংকটের কারণে লেভেল ক্রসিং দুটি অরক্ষিত। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। লোকবল নিয়োগের বিষয়টি রেলওয়ের ট্রাফিক বিভাগের দায়িত্ব।’
গত সোমবার সরেজমিনে দেখা যায়, লেভেল ক্রসিং এলাকায় যত্রতত্র ইজিবাইক, রিকশাসহ নানা ধরনের ছোট-বড় যানবাহন দাঁড়ানো। বেলা সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন লেভেল ক্রসিং অতিক্রম করে। দ্রুত ট্রেন আসায় মানুষের মধ্যে হইচই পড়ে যায়।
ইজিবাইকের কয়েকজন চালক বলেন, ট্রেন আসা নিয়ে সব সময় ভয় করে তাঁদের। যাত্রীরাও ভয় পান।
দুটি লেভেল ক্রসিংয়ের পাশের ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন বছর আগে দুটি লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার স্থাপন করা হয়। তবে গেটম্যান না থাকায় স্থাপনের পর কোনো দিনই তা ব্যবহার করা হয়নি। ব্যবসায়ী ও এলাকার লোকজন চিৎকার করে ট্রেন আসার কথা জানান দেন। তবে মোহনগঞ্জ ও জারিয়ার দিক থেকে ট্রেন আসার সময় বাঁকের কারণে ট্রেন দূর থেকে দেখা যায় না। শব্দও শোনা যায় না।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দুটি লেভেল ক্রসিংয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিং দুটি বর্তমানে মানুষের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কয়েকবার মৌখিকভাবে লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। আনুমানিক এক মাস আগে ময়মনসিংহ-জারিয়া রেলসড়কের লেভেল ক্রসিং পার হওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন।
ওই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মো. এরশাদ বলেন, ‘ওই দিন জারিয়া থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস আন্তনগর ট্রেন যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তি ট্রেন দেখতে না পেয়ে লেভেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রেনে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। পরে আমরা তাঁকে উদ্ধার করে শ্যামগঞ্জ বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাই। পরে তাঁকে নেত্রকোনায় পরিবারের কাছে পৌঁছে দিই।’
চায়ের দোকানদার মো. তারা মিয়া বলেন, আনুমানিক এক সপ্তাহ আগে মোহনগঞ্জগামী লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী এক নারী আহত হন।
রেলওয়ের ট্রাফিক বিভাগের ময়মনসিংহ অঞ্চলের পরিবহন পরিদর্শক মো. হামিদুল ইসলাম খান বলেন, লোকবল নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে কত দিনের মধ্যে তা সম্পন্ন হবে তা বলা যাচ্ছে না।