গৌরীপুরে ধানখেত থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের ধানখেত থেকে আবদুল জব্বার (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বাড়ির পাশের ধলেশ্বরী বিল থেকে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ২৬ অক্টোবর ঈদুল আজহার আগের রাতে নিজের ঘরে ঘুমান জব্বার। কিন্তু ঈদের দিন সকালে তাঁকে ঘরে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরে পরদিন দুপুরে গ্রামের একটি ধানখেত থেকে জব্বারের লাশ পাওয়া যায়।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে শহীদ মিয়া (৩০) ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে ধানখেতের জমির মালিক শামছুদ্দিনসহ মামলার আসামিরা পলাতক।হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) জালালউদ্দিন বলেন, নিহত জব্বারের বুকের এক পাশে খুন্তির ছ্যাঁকা ও ঘাড়ের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রেখে যায়।