গৌরীপুরে নারী কনস্টেবলের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিদগ্ধ হয়ে হালিমা আক্তার (২৫) নামের এক নারী কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
গত রোববার দুপুরে নিজের কর্মস্থল গৌরীপুর থানা-পুলিশের ব্যারাকে অগ্নিদগ্ধ হন হালিমা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকায়।
পুলিশ জানায়, হালিমা আক্তার একই থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মিজানুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমন সন্দেহে গত রোববার রাতে মিজানুলকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গতকাল সোমবার ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস এ নেওয়াজীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।