গৌরীপুরে নারীর দগ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সড়কের পাশ থেকে গতকাল শুক্রবার সকালে এক অজ্ঞাতনামা নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে উপজেলার গৌরীপুর-রামগোপালপুর সড়কের বলেশ্বর সেতু এলাকায় সড়কের পাশে ত্রিপল দিয়ে মোড়ানো একটি স্থান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয় লোকজন কাছে গিয়ে ত্রিপল মোড়ানো বস্তুটিকে মানুষের লাশ বলে সন্দেহ করে। পরে তাঁরা পুলিশকে খবর দেন। সকাল আটটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ত্রিপলের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করে। লাশের মুখ ও শরীরের বেশির ভাগ অংশ পোড়া। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ বলেন, ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে।