ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ঝালুয়া এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় রিপন কুমার দত্ত (৩৫) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি গৌরীপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তবে রিপন কুমার দত্ত উপজেলা পরিষদে নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বও পালন করেন।
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপন গতকালের উপজেলা নির্বাচনে গৌরীপুর সরকারি কলেজ ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব করেন। দায়িত্ব পালন শেষে তিনি মোটরসাইকেলে করে নান্দাইল পৌর শহরের বাসায় ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে তিনি ঝালুয়া এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
রিপন কুমার দত্তের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর গতকাল রাতে নিশ্চিত করেছেন।