ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় গতকাল শনিবার বাসের চাপায় জাতীয় ছাত্রসমাজ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ইফতেখার আলম খান (৩২) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর জাতীয় পার্টির সমর্থকসহ সাধারণ মানুষ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ইফতেখার আলম খান ও আতিকুর রহমান ওরফে সুজন মোটরসাইকেলে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ যাচ্ছিলেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ইফতেখার আলম ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলায়। গুরুতর আহত আতিকুর রহমানকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতিকের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে।
ইফতেখার আলম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ মানুষ ঈশ্বরগঞ্জ ডাকবাংলোর সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে। অবরোধের কারণে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।