গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরে ৭ নভেম্বর ‘সংহতি দিবস’ উদ্যাপনকে কেন্দ্র করে পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দ্বিধাবিভক্ত বিএনপির দুটি পক্ষ একই স্থানে সমাবেশ ডেকে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সংহতি দিবস’ উপলক্ষে গৌরীপুর শহীদ হারুন পার্কে উভয় পক্ষ গতকাল অনুষ্ঠান আয়োজন করার ঘোষণা দেয়। এর এক পক্ষের নেতৃত্বে আছেন গত নির্বাচনে বিএনপি ও চারদলীয় জোটের মনোনিত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক এম ইকবাল হোসাইন। আরেক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কোয়াছম উদ্দীন ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমেঞ্চদ তায়েবুর রহমান। সাত দিন আগে থেকেই উভয় পক্ষ প্রচারণা চালায়। কোয়াছম উদ্দীন ও তায়েবুর রহমানের নেতৃত্বাধীন দল হারুন পার্কে সমাবেশ উপলক্ষে মঞ্চের কাজ সম্পন্ন করে মঙ্গলবার বিকেলে। কিন্তু মঞ্চটি মধ্যরাতে একদল লোক হামলা চালিয়ে ভেঙে দেয়। আহমেঞ্চদ তায়েবুর রহমান অভিযোগ করেছেন, ইকবালের লোকজন তাঁদের কর্মসূচি পণ্ড করার উদ্দেশ্যে মঞ্চে রাতের বেলায় হামলা চালায়। গতকাল সকালে কোয়াছম উদ্দীন ও তায়েবুরের দল সাবেক জেলা ছাত্রদলের নেতা আলী আকবর আনিছ, ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামানসহ ছাত্রদল, কৃষকদল, উপজেলা বিএনপির একাংশ নিয়ে হারুন পার্কে তাঁদের ভেঙে দেওয়া মঞ্চ পুনরায় নির্মাণ করে সভা করার প্রস্তুতি নেন। বেলা আড়াইটার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এম ইকবাল হোসেনের নেতৃত্বে একটি মিছিল হারুন পার্কে স্থান দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইকবাল হোসেনের পক্ষ পিছু হটলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কোয়াছম উদ্দীনের সভাপতিত্বে হারুন পার্কে সভা হয়। অন্যদিকে, পৌর বিএনপির সভাপতি সার্জেন্ট (অব.) মকবুল হোসেনের নেতৃত্বে আরেক পক্ষ পাটবাজারে পৌর বিএনপি কার্যালয়ে কর্মসূচি পালন করেছে। ঘটনার সময় পুলিশ প্রশাসনের কেউ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেনি বলে অভিযোগ করা হয়েছে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, পুলিশ আশপাশে ছিল। কিন্তু বাস্তবতা হলো, পুলিশের এখানে বেশি কিছু করার ছিল না।