গৌরীপুরে যাত্রার নামে অশ্লীল নৃত্য, জুয়া প্রতিবাদে বিক্ষোভ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ‘পিজেকে’ উচ্চবিদ্যালয়ের মাঠে যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। এলাকাবাসী জানান, যাত্রার নামে অশ্লীল নৃত্য, জুয়া-হাউজি বন্ধের দাবিতে গত মঙ্গলবার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। এ ছাড়া মঙ্গলবার রাতে তাঁরা গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সমেঞ্চলনে বলা হয়, প্রশাসনের সহযোগিতায় সরকারদলীয় কয়েকজন নেতার মদদে জুয়াড়িদের তীর্থস্থানে পরিণত হয়েছে গৌরীপুর। অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের কারণে গৌরীপুরে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। এলাকাবাসী আরও জানান, ওই আসরের আয়োজকেরা স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই এ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়। ইউএনও শায়লা ইয়াসমিন বলেন, ‘প্রশাসনকে “ম্যানেজ” করার ব্যাপারটা মিথ্যা প্রচার। এখানে অশ্লীল নৃত্য আর জুয়ার আসর বসে তা আমার জানা ছিল না। সঞ্চারকলিপি পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’