গৌরীপুরে শ্রমিক দল নেতাকে কুপিয়ে খুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সহসভাপতি শাহাদাত হোসেন (৩৫) তাঁর মামার ভাড়া করা সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন। গত বুধবার শাহাদাতকে তাঁর নিজ বাসা থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা বাসার সামনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।আর এ ঘটনায় থানা পুলিশ নিহত শাহাদাতের মামা বাচ্চু মিয়া (৫৫) ও আবদুল মোতালেবকে (৩৫) গ্রেপ্তার করে থানায় জিজ্ঞাসাবাদ করছে। অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত শাহাদাতের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার শ্যামগঞ্জ হাইস্কুল মাঠে বাদ আসর জানাজা শেষে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা মধ্যপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। শাহাদাত মইলাকান্দা মধ্যপাড়া গ্রামের মৃত তালেব হোসেনের চার ছেলেমেয়ের মধ্যে সবার বড়।থানার পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন তাঁর আপন মামা শ্যামগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার কাছ থেকে ৫০ শতক জমি কয়েক বছর আগে ক্রয় করেন। আর এ জমি বুঝিয়ে দেওয়া নিয়ে মামার সঙ্গে শাহাদাতের বিরোধ দেখা দেয়। গত বুধবার সকালে শাহাদাতের স্ত্রী শাহীন আক্তার তাঁর তিন ছেলেকে নিয়ে মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমীর (র.) ওরসে যান। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে সড়কের পাশে খালি বাসায় লিটন রাতের খাবার খেতে বসেন। এ সময় কয়েকজন তাঁকে ডেকে ঘর থেকে বের করে বাসাসংলগ্ন হলি সিনেমা হলের সামনে এনে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে পালিয়ে যায়।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. খলিলুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ খুন হয়েছে। বাচ্চু মিয়া এলাকার কুখ্যাত ডাকাত খোকন মিয়াসহ খুনিদের ভাড়া করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।