গৌরীপুরে সংঘর্ষ আহত ব্যক্তির মৃত্যু
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত মো. শাহজাহান (৪৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার শাহবাজপুর গ্রামে গত মঙ্গলবার দুপুরে ওই সংঘর্ষ হয়। বিকেলে হাসপাতালে মারা যান শাহজাহান। সংঘর্ষে আহত আরও পাঁচজন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শাহবাজপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকার আবদুল মোতালেব ও তাঁর ভাতিজা মো. শাহজাহানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ঘটনার দিন দুপুরে একটি মুরগির রান্নাঘরে প্রবেশকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে মো. শাহজাহান ছাড়াও আহত হন আবদুল কুদ্দুছ, দুলাল মিয়া, মো. ফুল মিয়া, তারা মিয়া ও আবদুল বারেক।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে শাহজাহানের লাশ গতকাল বুধবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।