গৌরীপুরে ১৯টি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে জরাজীর্ণ ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। এর মধ্যে দুটি প্রাথমিক বিদ্যালয় ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই সব ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাটেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ধনপাড়া সরকারি বিদ্যালয়সহ ১৯টি বিদ্যালয় জরাজীর্ণ বলে ঘোষণা করা হয়। এ ছাড়া রামগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতপাই আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত বলে জানানো হয়েছে।
বিদ্যালয়গুলো দেয়াল, ছাদ ও বিমে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা ওই সব বিদ্যালয়ের কক্ষে ক্লাস করছে। সম্প্রতি ময়মনসিংহের সব কটি উপজেলায় দুই দফা কালবৈশাখী হওয়ায় এরপর আকাশে মেঘ জমলেই বিদ্যালয় ছুটি দিতে বাধ্য হন শিক্ষকেরা। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। জরাজীর্ণ ওই বিদ্যালয়গুলোতে প্রায় চার হাজার শিক্ষার্থী আছে। ১০ থেকে ১৫ বছর আগে ভবনগুলো এলজিইডি নির্মাণ করে দিয়েছে।
কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজাদ মোস্তাফা বলেন, বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ থাকায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। আকাশে মেঘ জমলেই বিদ্যালয় ছুটি দিতে হয়।
বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিমণি কর বলেন, বৃষ্টি এলেই শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। এতে শিক্ষার্থীদের বই ও জামাকাপড় ভিজে যায়। ওই স্কুলের শফিকুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, ‘বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরা আতঙ্কে থাকি। এখন কালবৈশাখী ও বৃষ্টির আশঙ্কা বেশি থাকায় আতঙ্ক আরও বেশি।’
সাতপাই আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, মাঠে বেঞ্চ পেতে ক্লাস করানো হয়। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়তে হয়। গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন বলেন, ‘জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকা করে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এর বেশি কিছুই করার ক্ষমতা আমার হাতে নেই।’