গৌরীপুরের আহত এসআই সিএমএইচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানকে বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। এক মাদকাসক্তের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গৌরীপুর উপজেলার গোলকপুর গ্রামে আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করেন ওই এলাকার বাসিন্দা উজ্জ্বল। আসাদুজ্জামানকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান উজ্জ্বল। পরে রাতেই আসাদুজ্জামানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সিএমইএচে পাঠানো হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরির আঘাতে আসাদুজ্জামানের পাকস্থলী ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে দুইটায় ময়মনসিংহ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আসাদুজ্জামানকে ঢাকায় নেওয়া হয়।

উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তারিকুজ্জামান বাদী হয়ে উজ্জ্বলকে আসামি করে মামলা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ উজ্জ্বলকে গ্রেপ্তার করতে পারেনি।