গৌরীপুরের ওসিকে প্রত্যাহারের দাবি পৌর আ.লীগের
‘মিথ্যা’ মামলায় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর থানার ওসিকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে পৌর আওয়ামী লীগ। গত শনিবার উপজেলা সদরে বিক্ষোভ করে এ দাবি তুলে ধরা হয়।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ১৫ মার্চ অনুষ্ঠিত গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন আলী আহাম্মদ খান পাঠান। তিনিই নির্বাচনে বিজয়ী হন। তবে স্থানীয় সাংসদ মজিবুর রহমান ফকির নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী শরীফ হাসানের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে পৌর মেয়র ও চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহাম্মদ পক্ষের সঙ্গে সাংসদ পক্ষের বিরোধ সৃষ্টি হয়।
গত শুক্রবার সাংসদ মজিবুর রহমান নির্বাচনী এলাকায় এলে সাংসদ ও মেয়রের লোকজনের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়। ওই রাতেই গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলামের নেতৃত্বে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে তল্লাশির নামে ভাঙচুর চালায় পুলিশ। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়। এ ছাড়া রাত তিনটার দিকে পৌর মেয়রের বাসায় তল্লাশির নামে হয়রানি করে পুলিশ। সাংসদ মজিবুর রহমানের মদদেই এগুলো হয়েছে বলে অভিযোগ করেন মেয়র। এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল রোববার একাধিকবার চেষ্টা করেও সাংসদ মজিবুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, ওই সব হয়রানির প্রতিবাদে শনিবার পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে ওসির অপসারণ দাবি করে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দূররে শাহওয়াজের হস্তক্ষেপে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়। তবে ওসিকে অপসারণের জন্য গতকাল রোববার সকাল ছয়টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তাঁরা।
ওসি হামিদুল ইসলাম বলেন, শুক্রবারের সংঘর্ষের ঘটনায় আহত একজনের চাচা পৌর মেয়রসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। সেই সূত্রেই ওই কার্যালয়ে অভিযান চালিয়ে কামাল হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মেয়রের বাড়িতে তল্লাশি ও জাতির জনকের ছবি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন তিনি।