গৌরীপুরের সাংসদ মজিবুর রহমান ফকিরের ইন্তেকাল
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির (৭১) গতকাল সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।
গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মজিবুর রহমান ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকালে গৌরীপুরে শেষ জানাজার পর উপজেলার কলতাপাড়া গ্রামে তাঁর লাশ দাফন করা হবে।
১৯৪৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন মজিবুর রহমান ফকির। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শেষে সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগদান করেন তিনি। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। গৌরীপুর থেকে তিনবার নির্বাচিত এই সাংসদ স্ত্রী নাসিমা আনোয়ার, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।