গ্যাংওয়ে ভেঙে ফেরি চলাচল বন্ধ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের গ্যাংওয়ে ভেঙে পড়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে চরে রাখা পুরোনো অকেজো ফেরি ভেসে উঠে প্রবল জোয়ারের স্রোতে ধাক্কা লেগে প্রায় ৬০ ফুট লম্বা বেইলি ব্রিজটি ভেঙে যায়।
মোরেলগঞ্জ ফেরির মাস্টার মো. আবদুল মালেক বলেন, প্রবল জোয়ারের স্রোতে পুরোনো ফেরিটি নদীর মাঝে চলে গেলে ওই ফেরির সঙ্গে বেঁধে রাখা চলমান ফেরির গ্যাংওয়েটি ধসে পড়ে। সেটি টেনে তুলতে শক্তিশালী ক্রেন আনার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্রেন যথাসময়ে পৌঁছালে ২৪ ঘণ্টার মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে। অন্যথায় কবে নাগাদ ফেরি চালু হবে, তা বলা সম্ভব নয় বলে জানান আবদুল মালেক।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, মোরেলগঞ্জ, শরণখোলা থেকে বাগেরহাট, খুলনা, ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহনসহ সব দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফেরি চালু করতে গ্যাংওয়ে মেরামতের কাজ শুরু হয়েছে।