গ্যাংওয়ে দেবে কালিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙনে নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া ফেরিঘাটের গ্যাংওয়ের পাশের মাটি নবগঙ্গা নদীতে বিলীন হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে গত চার দিন ধরে এই উপজেলার সঙ্গে জেলাসদরসহ দেশের সব এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, পাশের মাটি সরে গ্যাংওয়েটি দেবে গেছে। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় মোটরসাইকেল, ভ্যান, নসিমন নিয়ে পারাপার হচ্ছেন। নদীর দুই পারেই ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, স্রোতের কারণে গত রোববার ফেরিঘাটের বেন্দারচর অংশের গ্যাংওয়ের পাশের মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ফেরি চলাচল চালু করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।