গ্যাংওয়ে পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারের পানিতে গ্যাংওয়ে ডুবে থাকায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ফেরিঘাটের দুই পাড়ে প্রতিদিন শতাধিক যানবাহন আটকে থাকে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।গত বৃহস্পতিবার বেলা দুইটায় আমুয়া ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, ফেরিঘাটের দুই পাড়ের গ্যাংওয়ে (পন্টুন থেকে গাড়ি ওঠা ও নামার পথ) ডুবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ। নদীতে ভাটা হলে গ্যাংওয়ে দিয়ে সহজে গাড়ি ওঠানামা করতে পারবে। তাই ফেরিঘাটের দুই পাড় আমুয়া ও চালিতাবুনিয়ায় শতাধিক যানবাহন পারাপারের জন্য অপেক্ষা করছে। এই সময় কিছুসংখ্যক যাত্রী ট্রলারে পন্টুন থেকে ঘাটে আসে। বরগুনার বামনা উপজেলার লাভলী বেগম তাঁর অসুস্থ বাবা আলতাফ হোসেনকে অ্যাম্বুলেন্সে করে দুপুর ১২টায় চালিতাবুনিয়ায় পৌঁছে বিপাকে পড়েন। তিনি বলেন, এমন অপেক্ষার চেয়ে অসুস্থ বাবাকে নিয়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো ছিল। শুধু লাভলী বেগমই নন, প্রতিদিন এ পথে আসা কয়েক শ যাত্রী জোয়ারের সময় ভোগান্তির শিকার হন। কারণ, বর্ষা মৌসুম শুরু হওয়ায় প্রতিদিন এই ফেরিঘাটের গ্যাংওয়ে স্বাভাবিক জোয়ারেই ডুবে যায়। এতে তিন-চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা, বরিশাল, খুলনা, ভান্ডারিয়া পথের যানবাহন পারাপার বন্ধ থাকে। ফেরিচালক মো. ইউনুস মিয়া জানান, জোয়ারে পানি বাড়লে দুই পাড়ের গ্যাংওয়ে ডুবে যায়। এতে ফেরিতে গাড়ি পারাপার করতে সমস্যার সৃষ্টি হয়। ফেরিঘাটের ইজারাদার মো. ইদ্রিস গাজী বলেন, ফেরিঘাট সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহিন সরকার বলেন, নীতিমালা অনুযায়ী ফেরিঘাটের গ্যাংওয়ে সচল রাখার দায়দায়িত্ব সংশ্লিষ্ট ইজারাদারের। ইজারাদারই গ্যাংওয়ে সংস্কার করবেন।এই ব্যাপারে ইজারাদার ইদ্রিস গাজী দাবি করেন, নিয়ম অনুযায়ী এক হাজার টাকার মধ্যে কোনো সংস্কারকাজ হলে তা ইজারাদার নিজ দায়িত্বে করবেন। ওই টাকার বেশি হলে ফেরিঘাটের উন্নয়নকাজ সওজই করবে।