গ্যাংওয়ে পানির নিচে পর্যটকদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারে অস্বাভাবিকভাবে পানি বাড়ায় তিন দিন ধরে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের তিনটি ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাচ্ছে। ফলে পর্যটকসহ এই সড়কে চলাচলকারী লোকজনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সলিমপুর, হাজীপুর ও মহিপুরে এই তিনটি ফেরিঘাট। সরেজমিনে ঘুরে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে জোয়ারের সময় নদী ও সাগরের পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। তখন কলাপাড়া-কুয়াকাটা সড়কের ওই তিনটি ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ। ফেরিঘাটের দুই পারে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এসব যানবাহনের যাত্রীদের ভাটার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুম ছাড়াও জলোচ্ছ্বাস এবং জোয়ারের সময় পানি অস্বাভাবিক বাড়লে ওই সড়কের ফেরিঘাটের গ্যাংওয়েগুলো ডুবে যায়। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত রোববার দুপুরে কলাপাড়ার সলিমপুর গিয়ে দেখা গেছে, গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে আছে। ফেরি থেকে সড়কে উঠতে গিয়ে একটি পিকআপ ভ্যান আটকা পড়েছে। স্থানীয়রা ঘণ্টা খানেক চেষ্টার পর তা টেনে সড়কে তোলে। আর ফেরিঘাটের দুই পারে পর্যটকদের বহনকারী বেশ কিছু গাড়ি আটকা পড়েছে। ঢাকা থেকে আসা মোখলেছুর রহমান নামের এক পর্যটক বলেন, সড়কের তিনটি ফেরিঘাট জোয়ারে ডুবে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ভাটার জন্য অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী শওকত আলী জোয়ারের পানিতে ফেরিঘাটের গ্যাংওয়েগুলো ডুবে এই সড়কে চলাচলকারী পর্যটকসহ সবার দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে প্রয়োজন জোয়ার-ভাটার জন্য আলাদা দুটি করে ঘাট নির্মাণ করা। কিন্তু এ জন্য অর্থ বরাদ্দ নেই। তবে তিনটি ফেরিঘাটেই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাপাড়া ও মহিপুরে সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। তিনটি সেতু নির্মিত হলে এই দুর্ভোগ আর থাকবে না।