গ্যাংওয়ের অভাবে ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটে যাত্রীদের ভোগান্তি
একটি হাই-ওয়াটার গ্যাংওয়ের অভাবে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে যাত্রী ও চালকদের ভোগান্তি শেষ হচ্ছে না।চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজের পেয়ারা বেগম যাবেন নোয়াখালী শ্বশুরবাড়িতে। সঙ্গে ছয় মাস বয়সের সন্তানসহ বড় লাগেজ। তিনি পানির মধ্যে হাঁটতে গিয়ে পড়ে যান। তাঁর ভাষ্য, জোয়ারের সময় ফেরিঘাটে উঠতে ও নামতে নৌকায় ১০ টাকা ভাড়া এবং ঘাট ইজারাদারকে পাঁচ টাকা দিতে হচ্ছে। একজন যাত্রীর শুধু ফেরিঘাটে উঠতে ১৫ টাকা খরচ করতে হচ্ছে। চট্টগ্রামের মাইক্রোবাসের চালক জাহাঙ্গীর আলম বলেন, ‘পানির মধ্য দিয়ে ফেরিতে উঠতে গিয়ে আমার গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেছে।’গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, অমাবস্যার প্রভাবে উচ্চ জোয়ারে সকাল থেকে দুপুর পর্যন্ত ফেরিঘাট এলাকা প্লাবিত হয়ে আছে। ঘাট এলাকার সড়কে বড় বড় গর্ত। ফলে দূরের যাত্রীরা কাপড় ভিজিয়ে, কাদা-পানি মেখে ফেরি, সি-ট্রাক, লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকায় উঠছেন। কেউ কেউ মাত্র ১০-১৫ হাত জায়গা নৌকায় পাড় হচ্ছেন ১০ টাকা দিয়ে। যাত্রীরা ডুবে থাকা সড়ক পাড় হতে গিয়ে আছড়ে পানিতে পড়ে ভিজে যাচ্ছেন।এ ছাড়া ফেরিঘাটের ভোলা ও লক্ষ্মীপুর অংশে একটি করে লো-ওয়াটার (পানির নিম্নস্তর) গ্যাংওয়ে রয়েছে। জোয়ারের সময় গ্যাংওয়েটি মাটির স্তর থেকে উঁচু হওয়ায় গ্যাংওয়ের র্যাম প্রায় ৯০ ডিগ্রি কোণে খাড়া হয়ে পড়েছে। জোয়ার থাকাকালে পাঁচ-ছয় ঘণ্টা ফেরিতে গাড়ি উঠতেও পারে না, নামতেও পারে না। এক সপ্তাহ ধরে এ অবস্থা চলছে। বিআইডব্লিউটিসির ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক নুরুল ইসলাম ভুইয়া বলেন, ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাট নির্মাণ করার সময় দুই পাড়ে দুটি করে ঘাট নির্মাণ করা হয়েছে। একটি লো-ওয়াটার, অন্যটি হাই-ওয়াটার। লো-ওয়াটার ঘাটে গ্যাংওয়ে বসানো হলেও হাই-ওয়াটার ঘাটে এখনো গ্যাংওয়ে বসাচ্ছে না বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক আগেই ভোলা-লক্ষ্মীপুর নৌপথের দুই পাড়ে দুটি হাই-ওয়াটার গ্যাংওয়ের চাহিদা পাঠিয়েছি।’